ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করাসহ ১১ দফা দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় জড়ো হয়েছেন হাজারও ব্যাটারিচালিত রিকশাচালক। ফলে পল্টন-প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই পথে বাসে আটকে থাকা যাত্রীরা।
রোববার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে তারা এখানে আসেন। চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কামরাঙ্গীরচর, সেকশন, হাজারিবাগ ও সেকশন এলাকা থেকে এসেছেন। টিটাগাং রোড এলাকা থেকেও আরও রিকশাচালকরা আসছেন।