বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

টেকনাফ থেকে তেতুলিয়ায় হেঁটে যাচ্ছেন এক তরুণী

তাহুরা সুলতানা নামের ২৫ বছরের এক তরুণী টেকনাফ থেকে হেঁটে হেঁটে তেতুলিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছেন। দেশ দেখা আর মানুষকে হাঁটতে উদ্বুদ্ধ করাই চট্টগ্রামের বাঁশখালীর এই তরুণীর লক্ষ্য। একা হাঁটা শুরু করলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে পথে পথে তাকে সঙ্গ দিচ্ছেন পরিচিত অপরিচিত অনেকেই।
তাহুরা গত শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৬টায় টেকনাফের শাহপরীর দ্বীপের জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন। গতকাল রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি ১১৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পৌঁছেছেন।

তাহুরা সুলতানা চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের বাসিন্দা রশিদ আহমেদ ও তৈয়বা খাতুন দম্পতির মেয়ে। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট ও চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেছেন।
গণমাধ্যমকে তাহুরা জানান, দেশের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি মানুষকে হাঁটায় উদ্বুদ্ধ করতেই তার এই যাত্রা। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তার এই পদযাত্রার খরচও বহন করছেন তিনি নিজেই। অনলাইনে পণ্য বিক্রির মাধ্যমে অর্জিত টাকা জমিয়ে তিনি এ যাত্রায় নেমেছেন।

তাহুরা বলেন, পরিবারে আমি সবার ছোট। শৈশব থেকেই ঘোরাঘুরি পছন্দ করি। চ্যালেঞ্জিং কোনো বিষয় গ্রহণ করতে আমার ভালো লাগে। এসব কারণেই হেঁটে দেশভ্রমণের সিদ্ধান্ত নেই। যাত্রা শুরুর পর যেখানেই বিরতি নিচ্ছি, সেখানে মানুষের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সাড়ায় আমি অভিভূত।
হাঁটার মধ্য দিয়ে স্বাস্থ্য ভালো থাকে জানিয়ে তাহুরা বলেন, ‘সুস্বাস্থ্যের জন্য হাঁটা জরুরি। তাই এই পদযাত্রার মাধ্যমে মানুষও যাতে হাঁটায় উদ্বুদ্ধ হয়, সেটি আমি চাই।’

তাহুরার পদযাত্রার বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী বলেন, একজন নারী হিসেবে তাহুরা সুলতানার এই পদক্ষেপকে উপজেলা প্রশাসন সাধুবাদ জানায়। তাকে দেখে মানুষ সুস্বাস্থ্যের জন্য হাঁটতে উদ্বুদ্ধ হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page