পাতাঝরা শীতের শেষে আসে রঙিন বসন্ত। আবার একই সঙ্গে ভালোবাসার মাসও এটা।
ফেব্রুয়ারি মাস আসলেই চারদিকে বসন্তের আগমনের সুর বেজে ওঠে। তবে কেবল বনের পাতায় আর ফুলে নয়, শহরের যান্ত্রিকতা আর ব্যস্ত জীবনও বসন্তের আগমনে সতেজ হয়ে ওঠে। ইতোমধ্যেই নগরের গাছগুলোতে নতুন পাতা আর ফুল উঁকি দিতে শুরু করেছে। তাই বসন্তকে বরণ করে নিতেও চাই বিশেষ প্রস্তুতি। প্রকৃতি যেমন শীতের নির্জীবতাকে ভুলে নতুন ফুল আর পাতায় নিজেকে সাজিয়ে তোলে, তেমনি বসন্তের প্রথম দিনটিতে প্রকৃতির সঙ্গে সঙ্গে একটু অন্যরকম ভাবেই সাজিয়ে তুলুন নিজেকে।
রঙিন পোশাকে বসন্তের আমেজ
বসন্তের পোশাকে রঙের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো রঙের নাম বলা মুশকিল। বসন্তে প্রকৃতি যেমন রঙিন হয়ে ওঠে, পোশাকেও তেমনি দেখা যায় রঙের ছোঁয়া।
এবার পোশাকে কোনো বিশেষ রঙকে প্রাধান্য দেয়া হচ্ছে কী না জানতে চাইলে দেশালের স্বত্বাধিকারী ও ডিজাইনার ইশরাত জাহান বলেন, ‘ঠিক একটি রংকে নয়, তবে আমরা এবার উষ্ণ রংগুলোকে প্রাধান্য দিয়েছি। শীত চলে যাওয়ার পর বসন্তে আমরা একটু নতুনভাবে গা ঝাড়া দিয়ে উঠি। মনে হয় যেন আরাম করে নিঃশ্বাস নিতে পারছি। এ সময় মন বেশ ফুরফুরে থাকে। আবহাওয়া কিন্তু মানুষের মনের উপর বেশ প্রভাব ফেলে। যেমন বসন্তের বাতাসে মনের যেই অবস্থা থাকে, নিশ্চয়ই বর্ষার বৃষ্টির সময় তেমন থাকে না।”ঠিক সেরকম মনের অবস্থার ওপর আবার রঙেরও একটা প্রভাব থাকে। ঋতু পরিবর্তনের সঙ্গে প্রকৃতিতে রঙের যে পরিবর্তনগুলো হয়, আমরা পোশাকে সেই রঙগুলোকেই তুলে ধরি। যে ধরনের ফুল ফোটে বা প্রকৃতিতে যে একটা উজ্জ্বল রঙের ছোঁয়া লাগে, আমরা সেই ধরনের উষ্ণ রংগুলোকেই বসন্তের পোশাকে নিয়ে আসি’,