পাসপোর্ট করার ক্ষেত্রে বিদ্যমান পুলিশ ভেরিফিকেশন আর লাগবে না বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেইসঙ্গে সরকারের এই ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৫’ এর উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা একথা বলেন।
গত বছরের মতো এবারও রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনকে জেলা প্রশাসক সম্মেলনের মূল ভেন্যু করা হয়েছে। তিন দিনের এই সম্মেলন শেষ হবে ১৮ ফেব্রুয়ারি।
নতুন পাসপোর্টের আবেদনকারীদের তিন চতুর্থাংশকেই পুলিশ ভেরিফিকেশনের সময় অনিয়ম ও হয়রানির শিকার হয়ে ‘ঘুষ বা নিয়ম বহির্ভূত টাকা’ দিতে হয় বলে অভিযোগ বেশ পুরনো।
প্রধান উপদেষ্টা বলেন, ‘পাসপোর্ট তো নাগরিক অধিকার, একটি নাগরিক পরিচয়পত্র। এখন আইন করে দিয়েছি পাসপোর্ট করতে পুলিশের ভেরিফিকেশন লাগবে না। এগুলো লাগে না। এগুলো হয়রানি। এই হয়রানির ভূমিকা উল্টে দিতে হবে।’
জেলা প্রশাসকদের অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ওপরই এখন সরকারের সফলতা-ব্যর্থতা নির্ভর করছে। বর্তমান পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারী, শিশু ও সংখ্যালঘুদের রক্ষা সরকারের গুরু দায়িত্ব।’