পবিত্র ঈদুল ফিতরের পঞ্চম দিনে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়। দীর্ঘ ছুটি শেষে আজ সকালে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চযোগে আসা মানুষের চাপ বেড়েছে।
শনিবার (৫ এপ্রিল) পুরো সদরঘাট এলাকায় উপচেপড়া ভিড় দেখা গেছে।
ঈদের দীর্ঘ ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। রোববার প্রথম কর্মদিবস। সে হিসাবে রাজধানীতে ফিরে আসা মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। আগামীকালও একই ধরনের ভিড় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
লঞ্চ কর্মীরা বলছেন, গত দু’দিনের চেয়ে আজ ভিড় বেশি। ঢাকায় ফেরা প্রায় সব লঞ্চ যাত্রীদের রেখে আবার বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার উদ্দেশ্য ছেড়ে গেছে। ফলে টার্মিনালে মানুষ জট ও জনদুর্ভোগ লক্ষ্য করা গেছে। টার্মিনাল থেকে নেমে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠতে হয়েছে।
অন্যদিকে এখনো নাড়ির টানে ঢাকা ছাড়ছে কিছু কিছু মানুষ। সবকিছু মিলিয়ে রাজধানী এখন অনেকটাই ফাঁকা ও যানজটমুক্ত বলা যায়।
সদরঘাট ঘুরে এবং বাংলাদেশ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত তথ্যানুসারে দেখা যায়, ৮টা পর্যন্ত সদরঘাটে ৭০-৭৫টি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসেছে। ঘরে ফেরা মানুষের চাপ সামলাতে প্রায় সব লঞ্চ যাত্রী রেখে ফের যাত্রী আনতে দ্রুত টার্মিনাল ত্যাগ করেছে।
লম্বা ছুটি ছিল, এ কারণে মানুষ ধাপে ধাপে ফিরছে। গত দু’দিনের তুলনায় রাজধানীতে ফেরা মানুষের চাপ আজ কিছুটা বেড়েছে। চলতি সপ্তাহের মধ্যে রাজধানী অধিকাংশ মানুষ কাজের টানে ফিরে আসবে।