মো. মানিক হোসেন :
রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে নগরীর লক্ষ্মীপুর প্যারামেডিকেল সংলগ্ন একটি পুকুর পরিষ্কার করে শুরু হয়েছে ‘পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কর্মসূচি–২০২৫’। শহরের বাড়তি মশার উৎপাত, অপরিচ্ছন্ন ডোবা-নালার কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় যুবদল এই সামাজিক উদ্যোগ গ্রহণ করে।
রবিবার (৪ মে) সকালে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি। তাঁর নেতৃত্বে রবিবার সকাল থেকে স্থানীয় নেতাকর্মীরা পুকুরের ময়লা-আবর্জনা, আগাছা ও জমে থাকা কাদা পরিষ্কার করেন।
মো. রফিকুল ইসলাম রবি বলেন, “আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। রাজশাহীকে বাসযোগ্য রাখতে শুধু স্লোগান নয়, বাস্তব কাজ করতে হবে।
মশা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা আমাদের সামগ্রিক জনস্বাস্থ্যের জন্য জরুরি।”
তিনি জানান, এটি একদিনের কর্মসূচি নয়, বরং রাজশাহীর বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এই কার্যক্রম বিস্তৃত করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা ফৌজিয়া আবিদা জেসী, যুবদল নেতা মাসুদুল হক মৃধা, মজিবুল হক মিলন, তারেক হোসেন, নাফিজ ইমতিয়াজ ড্যানি, সবুজ আলী, মুস্তাফিজুর রহমান মানিক ও শামীম ইসলাম তপন।
ছাত্রদলের পক্ষ থেকেও এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন চন্দ্রিমা থানাধীন ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন এবং রাজপাড়া থানাধীন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌকির আহমেদ।
স্থানীয় বাসিন্দারা বলেন, নগরীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রব ভয়াবহ রূপ নিয়েছে। দীর্ঘদিনেও সিটি করপোরেশনের কার্যকর উদ্যোগ না থাকায় যুবদলের এ কর্মসূচিকে তারা সাধুবাদ জানিয়েছেন।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “বাড়ির পাশে ডোবাটায় মশার উৎপাত ছিল অসহ্য। আজকে নিজের চোখে দেখলাম, কীভাবে যুবদলের ছেলেরা ময়লা পরিষ্কার করল।”
ফৌজিয়া আবিদা জেসী বলেন, “এ ধরনের উদ্যোগ শুধু রাজনীতি নয়, সামাজিক দায়িত্ববোধের প্রকাশ। অন্য দলগুলোও এ ধরনের ইতিবাচক কাজে এগিয়ে আসবে বলে আশা করি।”
কর্মসূচির আয়োজকরা জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে বুলনপুর, সাহেববাজার, রানীবাজার, সপুরা, হেতেমখাঁসহ নগরীর অন্যান্য এলাকাতেও একই ধরনের অভিযান পরিচালনা করা হবে।
নেতাকর্মীরা জানান, এই উদ্যোগ তারেক রহমানের নির্দেশে নেয়া হয়েছে এবং রাজশাহীর ঐতিহ্যবাহী পরিচ্ছন্নতা ও সৌন্দর্য ফিরিয়ে আনাই তাদের লক্ষ্য।