ভবিষ্যতে দুর্ঘটনারোধে জরুরি ভিত্তিতে দেশের সব ঢাকনাবিহীন ম্যানহোল ঢেকে দিতে, সুরক্ষাবেষ্টনী নির্মাণ ও স্পষ্ট সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার রুলসহ এ আদেশ দেন। গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় নালায় পড়ে ফারিয়া তাসনিম ওরফে জ্যোতির নিখোঁজের পর মৃত্যুর ঘটনা নিয়ে রিটটি করা হয়।
এদিন ঢাকনাবিহীন ম্যানহোল সঠিকভাবে রক্ষণাবেক্ষণে ব্যর্থতা ও ভুক্তভোগীর মৃত্যুর ঘটনা তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন ৯০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন। তদন্তের ফলাফল ও গৃহীত নিরাপত্তাব্যবস্থা জনসমক্ষে প্রকাশ করা এবং তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) প্যানেল আইনজীবী আনিতা গাজী রহমান। তাকে সহায়তা করেন আইনজীবী জয়দীপ্তা দেব চৌধুরী। আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে ছিলেন আইনজীবী মো. শাহিনুজ্জামান শাহিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান।