অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমি অনেক কাজ করেছি যা বাংলাদেশের ইতিহাসে কোনদিন হয়নি। তিনি বলেন, সরকার আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন করে দিয়েছে তা পরবর্তী সরকার অব্যাহত রাখলে দেশের সাধারণ মানুষ সঠিক বিচার পাবে। এমন আরও অনেক কাজ করা হয়েছে যার ফল পরবর্তীতে পাওয়া যাবে।
বুধবার বিকালে সিলেট মহানগরের গ্র্যান্ড সিলেট হোটেলে জারিকৃত আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ-২০২৫ মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, এই মাধ্যমে অনেকের মামলা ছাড়া কম সময় ও খরচের সমাধান হচ্ছে। মামলা করার আগে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতার কার্যক্রমের দ্বারস্থ হতে হবে। পরে চাইলে মামলায় যেতে পারবেন।
তিনি বলেন, আমরা প্রায়ই শুনি আপনারা কি করেছেন? শহীদের রক্তের ওপর আপনি এখানে বসেছেন, আমরা আপনাকে এখানে বসিয়েছি। আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চের অভিনেতা না যে আমি যা করছি তা দেখতে পারবেন। আমি কি করছি তা আমার কাজের মধ্য দিয়ে দেখতে পারবেন।