নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়কের লেংটার মাজার এলাকায় সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজধানীর ইব্রাহীমপুর এলাকার জসীম উদ্দিনের ছেলে দীপ এবং মাটিকাটা এলাকার সেকান্দারের ছেলে সুমন। তারা দুইজনই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
আহত শিক্ষার্থীর নাম রাব্বি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ জানায়, বিকেলে রাজধানী থেকে মোটরসাইকেলে তিন বন্ধু দীপ, সুমন ও রাব্বি পূর্বাচলে বেড়াতে আসেন। বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেলটি পূর্বাচলের লেংটার মাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে জোরে ধাক্কা লাগে। তাতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলে আগুন ধরে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে বাকিদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যেখানে সন্ধ্যায় দীপ মারা যান। আহত রাব্বিকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।