মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার মেয়ে দীনা ইউনূসের একটি ছবি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার মধ্যরাতে প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ছবিটি প্রকাশ করা হয়।
ছবিটি তোলা হয় ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কের লোটে প্যালেসে, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেয়া বিশ্বনেতাদের সম্মানে সংবর্ধনার আয়োজন করেছিলেন।
অনুষ্ঠানে ড. ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময় তিনি বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতার সঙ্গেও মতবিনিময় করেন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।
এছাড়াও ড. ইউনূস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও দক্ষিণ ও মধ্য এশিয়ায় নিযুক্ত মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে বৈঠক করেন।