সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুই কোটি দিরহামের (বাংলাদেশি মুদ্রায় ৬৬ কোটি টাকারও বেশি) লটারি জিতলেন বাংলাদেশি একজন ট্যাক্সি ড্রাইভার। তার নাম হারুন সরদার। তিনি শারজায় থাকেন এবং প্রাইভেট ট্যাক্সি ড্রাইভার। তার টিকিট নম্বর ০৩৫৩৫০। গত ১৪ সেপ্টেম্বর তিনি টিকিটটি কিনেছিলেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৪৪ বছর বয়সী হারুন সরদারকে যখন অনুষ্ঠানের দুই জনপ্রিয় উপস্থাপক রিচার্ড এবং বাউচরা লাইভ ড্রয়ের সময় জীবন বদলে দেওয়ার এই খবর সংবাদ দেওয়ার জন্য গোল্ডেন ফোন থেকে কল করেন, তখন তিনি বাকরুদ্ধ হয়ে যান। এ সময় তিনি ওকে, ওকে ছাড়া আর কিছুই বলতে পারেননি।
প্রতিবেদনে আরও বলা হয়, ১০ জন বন্ধুর একটি গ্রুপের সঙ্গে দল বেঁধে ‘বিগ টিকেট’ নামের এই র্যাফল ড্রতে অংশগ্রহণ করেন হারুন সরদার। এই ১০ জন মিলেই এই পুরস্কারের অর্থ ভাগ করে নেবেন।
২০০৯ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে থাকেন হারুন। গত ১৫ বছর ধরেই তিনি প্রতি মাসে বিগ টিকিট কিনছিলেন।