রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও র্যাবের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন– মো. মনোয়ার হোসেন, মো. আবিদ হোসেন , মো. নুর ইসলাম , মো. বন্যা , মো. আ. লতিফ , মো. আলমগীর, মো. বুলু , মো. ফিরোজ , মো. আলামিন , মো. ভুট্টু , মো. আসলাম , মো. জাফর , মো. তাজউদ্দিন , মো. মাসুম , মো. জাবেদ , মো. মুরাদ ও মো. বাবু । গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সামুরাই ও ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
রোববার এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক খান আসিফ তপু।
তিনি বলেন, জেনেভা ক্যাম্পে বেশ কয়েকটি ছিনতাইকারী চক্র ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম জড়িয়ে পড়ছে। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এবং সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল ৪ অক্টোবর দিবাগত রাতে দেশীয় অস্ত্র ও মাদকসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ হতে উদ্ধার করা হয় ১টি সামুরাই ও ৪ কেজি ৯৬৪ গ্রাম গাঁজা। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা যায়– তারা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের বেলায় ছিনতাই, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড করে। তাদের বিরুদ্ধে ছিনতাই ও মাদক মামলা রয়েছে এবং এ সব মামলায় কারাভোগ করেছে বলে জানা যায়। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র্যাব এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।