স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে মাসব্যাপী ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫’ শুরু হচ্ছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ডা. সায়েদুর রহমান বলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের প্রায় ৫ কোটি শিশুকে ১ ডোজ কার্যকর টাইফয়েড টিকা বিনামূল্যে দেওয়া হবে। এতে শিশুদের টাইফয়েড জনিত অসুস্থতা ও মৃত্যুহার বহুলাংশে কমে আসবে।
তিনি বলেন, ক্যাম্পেইনের আওতায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক–প্রাথমিক (প্লে, নার্সারি, কিন্ডারগার্টেন) থেকে নবম শ্রেণি/সমমান (মাদ্রাসা, ইংরেজি মাধ্যম) পর্যন্ত শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের কমিউনিটি পর্যায়ে ইপিআই টিকাদান কেন্দ্রে বিনামূল্যে টিকা দেওয়া হবে।
ডা. সায়েদুর রহমান বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, ইংরেজি মাধ্যম স্কুল, কওমি মাদ্রাসা, স্কাউট ও গার্লস গাইডের সহযোগিতায় ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়াও সুবিধাবঞ্চিত শিশু, বেদে পল্লি, চা–বাগান, এতিমখানা, শিশু ও কিশোর উন্নয়ন কেন্দ্র, পথশিশু ও যৌনপল্লীতে থাকা শিশুদের জন্য বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে টিকা দেওয়া হবে বলেও জানান তিনি।