বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিশ্চিতভাবে আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, জাতি এগিয়ে যাচ্ছে, ঐক্যবদ্ধভাবেই এটা হচ্ছে।
সোমবার (২৩ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, যতবার নির্বাচন হয়েছে, মনোনয়ন দাখিলের তারিখ, বাছাই করার তারিখ, নির্বাচনের দিনক্ষণ সবগুলোর একটা শিডিউল দেওয়া হয়। সেটা নির্বাচনের এত আগে কোনো সময় দেওয়া হয় না। এটা নির্বাচনের কাছাকাছি সময়ে দেওয়া হয়। সব নির্বাচনই কিন্তু একই অবস্থা। সুতরাং আমাদের অতটুকু অপেক্ষা করতে হবে। তবে নিশ্চিতভাবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিকে আমরা সবাই এগিয়ে যাচ্ছি।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে লন্ডন বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের নিয়ে যে আলোচনা হয়েছে তা জনগণ অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, জনগণের মধ্যে যে আশঙ্কা ছিল সেটা কেটে গেছে। সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। আমরা সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। গণতন্ত্র পুনরুদ্ধার ও তাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, জনগণের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, একটি নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি।