এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন।
ঘটনায় শিশু সহ অন্তত: ২০ জন বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪/৫ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
সূত্র জানায়, সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ফটিকছড়ি উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের পেলাগাজি দিঘী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিতরা হলেন- উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারিখিল এলাকার রাম উরাংয়ের ছেলে নয়ন উরাং (১৯), তপন উরাংয়ের পুত্র তপু উরাং (২০) ও যোগেশ উরাংয়ের পুত্র উত্তম উরাং (১৮)।
নিহতরা পড়াশোনার পাশাপাশি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন বলে সূত্র জানায়। কাজ শেষে বাড়ি ফেরার পথেই তারা দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা যায়, বিয়ের অনুষ্ঠান শেষে একটি যাত্রীবাহী বাস খাগড়াছড়ির মানিকছড়ি থেকে চট্টগ্রামের বোয়ালখালী ফিরছিলো। পথে পেলাগাজি দিঘী মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং মোটরসাইকেল আরোহী ৩ কিশোর রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত: চিকিৎসক মেহেদী হাসান জানান, হাসপাতালে দু’জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। এবং আহত ২০ জনের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সংবাদ লেখা পর্যন্ত (রাত ১০টা) একজনের মরদেহ দুর্ঘটনাস্থলেই পড়েছিলো।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ শাহাবুদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি শনাক্ত করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ও পুলিশ সূত্র জানায়।