মোঃ রানা ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি:
আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁওয়ের কৃষকেরা। করলা, বেগুন, টমেটো, লাউ, লাল শাক, পালং শাক, শিম, শসা, চিচিঙ্গা, মূলা, ফুলকপি, বাঁধাকপিসহ নানা শীতকালীন সবজির ফসল পরিচর্যায় বেশির ভাগ সময় কাটছে কৃষকের। ঠাকুরগাঁও সদর উপজেলায় এ বছর সময়মত বৃষ্টি না হওয়ায় চলতি বছর উচু জমিগুলোর বেশিভাগ জমিতেই আমন ধান রোপণ করতে পারেনি চাষিরা। এ অবস্থায় উঁচু জমিগুলোতে আগাম শীতকালীন সবজির চাষাবাদের কাজে লাগাচ্ছেন তারা। এছাড়াও আলু ও মিষ্টি কুমড়ার ন্যায্যমূল্য না পাওয়ায় এবার বেশি লাভের আশায় আগাম শীতকালীন সবজিই মূল লক্ষ্য সদর উপজেলার শীতকালীন সবজি চাষিদের। চলতি বছর সদর উপজেলায় ৪ হাজার ৫ শ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে। এতে উৎপাদন হবে ১ লাখ ৫ হাজার মেট্রিকটন শাক-সবজি। আবহাওয়া অনুকলে
থাকলে স্থানীয়দের চাহিদা মিটিয়ে এ সবজি এলাকার চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভি-ন্ন জেলার মানুষের চাহিদাও পূরণ করবে ধারণা করছে কৃষি বিভাগ। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া, আশামপুর ঢোলারহাট, রাজাগাঁও, মোলানখুড়ী, রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম গ্রামসহ কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে দিনমজুরদের সঙ্গে ক্ষেত পরিচর্যা, রোগ-বালাই দমন ও অধিক ফলনের আশায় দিনরাত হাড়ভাঙ্গা পরিশ্রম করছেন সবজি চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে ১০ দিনের মধ্যেই ক্ষেত থেকে উঠবে শীতকালীন শাকসবজি। বেশি লাভ ও বাম্পার ফলন হবে এমনটাই প্রত্যাশা করছেন চাষিরা। সদর উপজেলার রুহিয়া থানার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম এলাকার সবজি চাষি সবুজ ইসলাম বলেন, এ বছর উঁচু দেড় একর জমিতে করলা এবং এক একর জমিতে চিচিঙ্গা চাষ করেছেন তিনি। করলার গাছে ফল আসা শুরু করেছে। আগামী ১০ দিনের মধ্যে বাজারে তোলার যাবে বলে ধারণা করছেন।