এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা একটি প্রাইভেটকার সহ সকল মালামাল ও উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল মতিন রাসেল (৩৬), আশরাফুল ইসলাম সাহেদ (৩০), মমিন (২৯), শারমিন আক্তার রিমা (২৮), নুর মোহাম্মদ সাব্বির রকি (২৩), মো. রোবেল হোসেন (৩১) ও মোঃ ফয়সাল (২৪)।
পুলিশ জানায়, গত ১০ অক্টোবর দুপুরে খুলশী থানাধীন বিটিআই উইং সোর্ড বিল্ডিংয়ের গলিতে ১০/১২ জন ডাকাত সাংবাদিক পরিচয় দিয়ে ৪ তলা বাসায় প্রবেশ করে। বাসার দুই মহিলাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে প্রায় আড়াই ঘণ্টা ধরে ডাকাতি করে।
ডাকাতদল ওই বাসা থেকে একটি করলা ক্রস গাড়ি ও টাকা সহ বেশ কিছু মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় পরদিন খুলশী থানায় একটি মামলা হয়। পরে এটি তদন্তের জন্য ডিবি পুলিশকে দায়িত্ব দেয়া হয়।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোঃ মহিউদ্দিন রাজু জানান, গতকাল নগরীর বায়েজিদ, ইপিজেড ও কোতয়ালী থানা সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করা করলা ক্রস গাড়ি ও টাকা সহ লুট করা সব মালামাল উদ্ধার করা হয়।
এ ছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও জব্দ করা হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে ও জানান দেন তিনি।