এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজান উপজেলায় অভিযান চালিয়ে ৫টি বিদেশী পিস্তল, বিপুল পরিমাণ গুলি ও কার্তুজ সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
রবিবার রাতে উপজেলার নোয়াপাড়া এলাকার চৌধুরীহাটে আইয়ুব আলী সওদাগরের বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্র গুলো উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে ৩ জন এবং পরে আরো ৩ মোট ৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ও জানায় পুলিশ।
তবে, আটককৃত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিক প্রকাশ করেনি পুলিশ।
ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, “অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে। এ চক্রের সাথে আর কারা, কারা জড়িত তা জানতে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।”