এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি’র মনোনীত ‘ধানের শীষ’র প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেছেন- স্বাধীনতা বিরোধী চক্র নির্বাচন বানচালের অপচেষ্টা করে যাচ্ছে। সে জন্য তিনি দলীয় নেতা-কর্মী সহ সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, রাজনৈতিক বুদ্ধি জ্ঞান সম্পন্ন নেতা এবং আগামী দিনের রাষ্ট্র নায়ক ‘তারেক রহমান’র নের্তৃত্ব এবং দিক নির্দেশনা মুলক ভাবে আগামী নির্বাচন সুন্দর ও শান্তি শৃঙ্খলা পূর্ন ভাবে অনুষ্ঠিত হবে, এতে দ্বিধা দ্বন্দ্বের কোনো অবকাশ নেই। স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বানচালের যতোই চেষ্টা করে থাকুক আমাদের দলীয় নেতা-কর্মীরা সাধারণ মানুষ কে সাথে নিয়ে তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ করে দিতে প্রস্তুত।
বিএনপি মনোনীত ‘ধানের শীষ’র প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান পবিত্র হজ্বব্রত পালন শেষে গতকাল ২৪ নভেম্বর (সোমবার) নিজ এলাকায় ফিরে আসলে দলীয় নেতা-কর্মীরা চট্টগ্রামের প্রবেশদ্বার মীরসরাই উপজেলার উত্তর শেষপ্রান্ত ধুমঘাট ব্রিজ এলাকায় সমবেত হয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এর পর মোটর বাইক সহ হাজারো গাড়ি নিয়ে সেখান থেকে ৩০ কিলোমিটার দুরত্বে বড় তাকিয়া বাজারে দলীয় ব্যানারে আয়োজনকৃত বিকাল ৪ টায় এক সংবর্ধনা সভায় সংবর্ধিত হয়ে তিনি উপরোক্ত কথা বলেন।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা লায়ন তাহের আহমেদ, মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সদস্য সচিব সালাহ্ উদ্দিন চেয়ারম্যান, গাজী নিজাম উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা আবুল কাশেম আজাদ শামীম, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম প্রমুখ।