ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সিদ্দিক এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে করা দুর্নীতির মামলার রায়কে সামনে রেখে সোমবার (১ ডিসেম্বর) সকালে ঢাকার আদালত এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে করা মামলাটির রায় বেলা ১১টার দিকে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন ঘোষণা করবেন।
সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে প্রবেশের মুখে বসানো হয় অতিরিক্ত তল্লাশিচৌকি। আদালত চত্বরে বাড়ানো হয় পুলিশি উপস্থিতি। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও দায়িত্ব পালন করছেন। স্থানীয় সূত্রাপুর ও কোতোয়ালি থানার পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাবের টহল টিমও আদালত এলাকায় মোতায়েন রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান বলেন, নিয়মিত সদস্যদের পাশাপাশি অতিরিক্ত আরও দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে দুই প্লাটুন বিজিবির সদস্য দায়িত্বে আছেন। তিনি জানান, ‘রায়কে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো শঙ্কা নেই।’এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মামলার একমাত্র কারাবন্দী আসামি—রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়।
গত ২৫ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক আজকের তারিখ ধার্য করেন।