ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হওয়া সিংহটিকে অবশেষে নিরাপদে খাঁচায় ফিরিয়ে আনা হয়েছে। স্ত্রী সিংহটির নাম ডেইজি। এর আগে শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা থেকে বেরিয়ে যায়, যা চিড়িয়াখানার ভেতরে এবং আশেপাশে সাময়িক আতঙ্ক সৃষ্টি করেছিল।
চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার পর সিংহটিকে চেতনানাশক ইনজেকশন পুশ করা হয়।
এর কিছুক্ষণ পর সিংহটি অজ্ঞান হয়ে গেলে সেটিকে ধরে ফের নিরাপদে খাঁচায় ঢুকানো হয়। পরিচালক বলেন, এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
সিংহটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে গিয়েছিল, এমন প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম তালুকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্ভবত খাঁচার দরজায় ঠিকমতো তালা লাগানো হয়নি। তিনি উল্লেখ করেন, খাঁচার গ্রিল ভাঙা বা অন্য কোনো ফাঁকা স্থান পাওয়া যায়নি। সে কারণে দরজা দিয়েই সিংহটির বাইরে বের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
এই ঘটনায় চিড়িয়াখানা কর্তৃপক্ষের নিরাপত্তা ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। পরিচালক আরও জানিয়েছেন, ঘটনাটি তদন্তে আজ রাতেই একটি কমিটি গঠন করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়। বর্তমানে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ রয়েছে।