গাইবান্ধার গোবিন্দগঞ্জে তাফসিরুল কোরআন মাহফিলে বয়ানরত অবস্থায় ব্রেন স্ট্রোক করে মারা গেছেন মাওলানা ফরিদুল ইসলাম । শনিবার রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামে আয়োজিত তাফসির মাহফিলে হাজারো মানুষের সামনে বয়ান চলাকালে তিনি স্টেজেই ঢলে পড়েন।
স্থানীয়রা এবং মাহফিল কমিটির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ও পরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি ইন্তেকাল করেন।
মাওলানা ফরিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খামার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ও স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। ব্যক্তিজীবনে তিনি আড়াই বছর বয়সী এক সন্তানের জনক।
হঠাৎ তার এই মৃত্যুতে পরিবার, শিক্ষার্থী এবং এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।