আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে প্রশিক্ষণসহ যা যা করা দরকার সে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
বিজিবি দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনকে উৎসবমুখর করার বড় দায়িত্ব কিন্তু বিজিবিকে নিতে হবে। এই দায়িত্ব আপনারা খুব ভালোভাবে পালন করবেন। জাতিকে একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন তারা, সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধে বিজিবির অপরিসীম সাহস ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। পাশাপাশি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সব শহীদকে স্মরণ করেন, যাদের আত্মদানে উন্মোচিত হয়েছে শোষণ ও বৈষ্যমহীন দেশ গড়ার নতুন পথ। তিনি আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী সব অকুতোভয় ছাত্র-জনতাকে স্মরণ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি এক সুদীর্ঘ ও গৌরবময় ঐতিহ্যের ধারক ও বাহক। আজকের বিজিবি এক ‘ত্রিমাত্রিক’ বাহিনী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা ও জনকল্যাণমূলক কাজে অনন্য ভূমিকা রাখছে। বিজিবির উন্নয়নে সরকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে সীমান্তের অতন্দ্র প্রহরীর ন্যায় অতন্ত ন্যায়ানুগ পন্থায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, সীমান্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করবে না। স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা আনয়ন করতে হবে। সীমান্ত দিয়ে অবৈধ পথে বিজিবির চোখ ফাঁকি দিয়ে দেশীয় কোনো পণ্য বিদেশে পাচার হবে না।
মাদক ও চোরাকারবারির সঙ্গে জড়িত থাকলে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব কর্মকর্তা/কর্মচারী চোরাকারবারি ও মাদক পাচারকারীদের সহায়তা করে কিংবা সাহায্য করে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।