হাড়কাঁপানো শীতে কাবু রাজশাহীবাসী। বুধবার সকালে রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান জানান, আজ সকাল ৬টায় এই তাপমাত্রা পরিমাপ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরের এই ঠাণ্ডা বাতাস কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
গত তিন দিন ধরে শহরে সূর্যের দেখা মিলছে না। কনকন ঠাণ্ডা ও ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষ বিশেষ করে শ্রমজীবী ও ছিন্নমূলরা কষ্টে পড়ছেন। শীতে বাঁচতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে চেষ্টা করছেন।
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রাদুর্ভাব। শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হচ্ছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ স্বাভাবিকের তুলনায় অনেক বেড়েছে।