কামাল উদ্দিন জয়, কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজার সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ জন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে তাদের কাছ থেকে ০১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০২ রাউন্ড তাজা কার্তুজ এবং ১১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সমুদ্র এলাকায় ডাকাত দলের তৎপরতার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ডাকাতদের একটি দলকে ঘিরে ফেলে কোস্ট গার্ড সদস্যরা। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ১৯ জন ডাকাতকে আটক করা সম্ভব হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোস্ট গার্ড জানায়, উপকূলীয় ও সমুদ্র এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।