বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নিহত দুজন হলেন গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মেহেদী হাসান এবং শেরপুর পৌর শহরের গোঁসাইপাড়া মহল্লার সাহাবুল হাসান । আহত হয়েছেন একই এলাকার উৎসব চক্রবর্তী।
প্রত্যক্ষদর্শী দুজন জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে রামেশ্বরপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে একটি দোকানের শাটারের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২ জন।
আহত উৎসব চক্রবর্তী বলেন, গতকাল রাতে মেহেদী হাসানকে বাড়িতে পৌঁছে দিতে যাওয়ার সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। তিনজনই এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
শেরপুর থানার পরিদর্শক জয়নুল আবেদীন বলেন, আইনগত প্রক্রিয়া শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে