নিজস্ব প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া):
নবীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য শহিদুল ইসলাম মালুর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি, হামলা এবং অপহরণচেষ্টাসহ একাধিক গুরুতর অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট লিখিত আবেদন করেছেন লাউর ফতেহপুর ইউনিয়নের যুবদল আহ্বায়ক মোঃ কামাল সরকার।
আবেদনে তিনি উল্লেখ করেন, ২৫ জানুয়ারি ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৮টার দিকে লাউর ফতেহপুর বাজারে শহিদুল ইসলাম মালু প্রায় ৫০ জন বহিরাগত সন্ত্রাসীকে নিয়ে তার ওপর আকস্মিক হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন এবং নবীনগর থানায় মামলা (নং-১৬) দায়ের করেন।
এরপরও নির্যাতন থেমে না গিয়ে ১১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে ঢাকার যাত্রাবাড়ীতে তাকে একা পেয়ে অপহরণ করার চেষ্টা করা হয়। কামাল সরকারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় তার উদ্দেশে গুলি ছোড়ে। এ ঘটনায় তিনি সিএমএম কোর্টে আরও একটি মামলা (নং- সিআর ৭৫৯/২৫, যাত্রাবাড়ী) দায়ের করেন, যা বর্তমানে পিবিআই-এর তদন্তাধীন।
কামাল সরকারের অভিযোগ, হামলা ও অপহরণচেষ্টার পাশাপাশি শহিদুল ইসলাম মালু তার নামে মিথ্যা চাঁদাবাজি, নারী নির্যাতনসহ তিনটি সাজানো মামলা দিয়ে পুলিশকে অবৈধ সুবিধা দিয়ে তাকে নিয়মিত হয়রানি করে চলেছে। এখনও পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে না পারায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
পুলিশি হয়রানি থেকে মুক্তি এবং ন্যায়বিচার নিশ্চিতের জন্য তিনি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।