মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার এ ঘটনা ঘটে। পুশইন হওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।
তেঁতুলবাড়িয়া বিওপির হাবিলদার মোহাম্মদ আলী বলেন, তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমানারেখার ১৪০/৬ এস পিলারের আনুমানিক ১০০ গজ ভেতরে মথুরাপুর মাঠপাড়া নামকস্থানে ৩০ জন বাংলাদেশিকে ঠেলে পাঠায় বিএসএফ। জীবিকার তাগিদে প্রায় ৫ বছর আগে ভোমরা সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতের হুগলী ও সাতরাগাছিসহ বিভিন্নস্থানে গিয়ে কাজ করতেন। পরবর্তীতে ভারত সরকার কর্তৃক উচ্ছেদ কালে চলতি বছরের ১ ডিসেম্বর বিএসএফ এর ১৪৩/হাকিমপুর চেকপোস্ট কর্তৃক তাদের আটক করা হয়। পুশ ইন হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ নারী ও ৪ শিশু রয়েছে।