এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম বন্দরকে ঘিরে দেশের স্বার্থবিরোধী কোনো উদ্যোগ বাস্তবায়িত হতে দেয়া হবে না বলে সতর্ক করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। সংগঠনটির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমান এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন।
রোববার (৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন তারা। বিবৃতিতে বলা হয়, দেশ এখন রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এমন সময় দেশের অর্থনীতির প্রাণধারা হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরকে বিদেশী অপারেটরের কাছে লিজ দেয়ার উদ্যোগ গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। নের্তৃবৃন্দের দাবি, বন্দরের লাভজনক স্থাপনা এনসিটি লিজ দেয়ার জন্য একটি স্বার্থান্বেষী মহল সক্রিয় হয়ে উঠেছে, যাহা সম্পুর্ন দেশের স্বার্থের পরিপন্থি।
মহানগর বিএনপি নেতারা বলেন, গত বছর ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ও পেশাজীবী সংগঠন বন্দরের স্থাপনা বেসরকারি করণের বিরুদ্ধে আন্দোলন করে আসছে।
কিন্তু, আন্দোলনের অধিকার ব্যবহারের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে ও অভিযোগ করেন তারা।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, বন্দরে কর্মরত: জাতীয়তাবাদী শ্রমিকদল (সাবেক সিবিএ) নের্তৃবৃন্দ সহ শ্রমিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। এটিকে তারা ‘স্বৈরাচারী আচরণ’ হিসেবে আখ্যা দেন।
বিবৃতিতে এরশাদ উল্লাহ ও নাজিমুর রহমান বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির মূল ভিত্তি। জনগণের অধিকার ও দেশের স্বার্থের বিরুদ্ধে গেলে আমরা নীরব থাকতে পারি না। বন্দর কর্তৃপক্ষ এসব অনিয়ম থেকে সরে না আসলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে ও বিএনপি’র নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।