মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার রাজধানীর বেশকিছু সড়ক ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছে পুলিশ।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
এতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের প্রত্যুষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে ঢাকা থেকে আমিন বাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ভোর ৩টায় থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা, বিদেশি রাষ্ট্রের কূটনীতিকরা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে গমনাগমন করবেন।
এতে আরও বলা হয়, সেদিন ভোর ৩টা থেকে সকাল ৯:৩০টা পর্যন্ত বাস, ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, কার, সিএনজিসহ বিভিন্ন শ্রেণির যানবাহনগুলোকে গাবতলী-আমিন বাজার ব্রিজ-সাভার রোড পরিহার করে নিম্নে বর্ণিত বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হলো।