নজরুল ইসলাম বিপ্লব, লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সম্মানিত নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক। শিক্ষার্থীদের চলমান পরীক্ষা এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে উচ্চশব্দে মাইক বা সাউন্ড বক্স ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন তিনি।
এক বার্তায় ওসি মোঃ নাজমুল হক জানান, বর্তমানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও বৃত্তি পরীক্ষা চলছে। এছাড়া পাশেই রয়েছে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখানে অনেক পরিবারে ছোট শিশু, বৃদ্ধ এবং অসুস্থ রোগী রয়েছেন, যাদের জন্য উচ্চশব্দ অত্যন্ত কষ্টদায়ক ও ক্ষতিকর।
এমতাবস্থায়, যেকোনো পারিবারিক অনুষ্ঠান, বিয়ে, পিকনিক বা ধর্মীয় আয়োজনে বাদ্যযন্ত্র, সাউন্ড বক্স এবং মাইকের ব্যবহার সীমিত রাখার অনুরোধ করা হয়েছে। বিশেষ করে গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে গান-বাজনা না করার জন্য তিনি থানা এলাকার সকল স্তরের মানুষের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।
শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখা এবং অসুস্থ ও বয়স্ক মানুষের প্রশান্তি নিশ্চিত করতে পুলিশের এই মানবিক পদক্ষেপে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।