ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে আসতে শুরু করেছেন অনেকে।
আজ শনিবার সকাল থেকেই দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢুকছে মানুষ। বেলা ২টা থেকে জানাজা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মানুষের ঢল নেমেছে।
বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফার্মগেট, আসাদ গেট হয়ে দলে দলে মানুষ মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢুকছেন। কেউ হাতে, কেউ মাথায় জাতীয় পতাকা বেঁধে জানাজায় অংশ নিতে এসেছেন। ভেতরে ঢুকে দেখা গেল, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের মাঠে লোকজন জড়ো হয়েছেন। ছোট ছোট দলে ভাগ হয়ে তাঁরা নানা স্লোগান দিচ্ছেন। ‘আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ইত্যাদি স্লোগান দিচ্ছেন তাঁরা।