এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারীর ছুরিকাঘাতে বিএনপি নেতা আবুল বশর চৌধুরী (৪৬) গুরুতর: আহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে প্রাপ্ত সংবাদে জানা গেছে।
আহত আবুল বশর চৌধুরী ৯ নং ওয়ার্ডের আহলা শেখ চৌধুরী পাড়ার খলিল মেম্বার বাড়ির মৃত আবুল কাশেমের পুত্র বলে নিশ্চিত হওয়া গেছে।
তিনি দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সভাপতি এবং আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক।
ঘটনা প্রসঙ্গে বোয়ালখালী উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান বলেন, গতকাল শুক্রবার রাতে দাওয়াত খেয়ে বিয়ে বাড়ির বাইরে রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন বশর। এ সময় তিন রাস্তার মোড়ে তিনজন মুখোশধারী সন্ত্রাসী হঠাৎ হামলা চালিয়ে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় অধিবাসীরা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলার বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করান।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর পক্ষে এর দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেবলা হয়, সঠিক তদন্তের মাধ্যমে এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। না হয় ঘটনাকারী কে, বা কারা তা সাংগঠনিক ভাবে দেখা হবে।