ফজলুল করিম সবুজ,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার মান্দা থানার ৪নং মান্দা ইউনিয়নের ৩নং ওয়ার্ড গোসাইপুর জব্বার সরদারের বাড়ির সামনে এ কর্মসূচি আয়োজন করা হয়।
উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল সাহানার সভাপতিত্বে এবং মান্দা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান রিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকপ্রাপ্ত মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শওকত ইলিয়াছ কবির, নওগাঁ জজ কোর্টের অ্যাডভোকেট আরিফুল ইসলাম, মান্দা থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, মান্দা উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস জাহান, ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মাহবুবুর রহমান স্বাধীন, মান্দা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসাইন সাজু, সদস্য সুমন সাহানা, বিএনপি নেতা রফিকুল আলম, আব্দুল কাদেরসহ দলীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, “সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন একজন সাহসী ও আপোষহীন দেশনেত্রী। অসংখ্য নির্যাতন, নিপীড়ন ও লোভ-লালসার মুখেও তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি।”
তিনি আরও বলেন, “দেশ ও জনগণের স্বার্থে নিজের কষ্টকে তুচ্ছ করে তিনি সব ষড়যন্ত্র মোকাবিলা করেছেন বলেই তাকে আপোষহীন নেত্রী বলা হয়। তার আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজও টিকে রয়েছে। এখন সময় এসেছে দলকে আরও সুসংগঠিত করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার।”
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য প্রদান করেন। মান্দা থানা বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু ও নেতৃবৃন্দ এবং মা-বোনদের নিয়ে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও শোক সভার সমাপ্তি ঘোষণা করা হয়।