এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট হওয়া বাংলাদেশ বিমানের একাধিক ফ্লাইটের যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। ৬ ঘন্টা অপেক্ষা করেও নিয়ম অনুযায়ী কোন ধরনের খাবার পরিবেশন করা হয়নি।
এতে বিক্ষুব্ধ হয়ে পড়ে যাত্রীরা। এ সময় তারাই বিমানবন্দরের বেশ কিছু চেয়ার ভাঙচুর করে।
আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে- শুক্রবার ভোর রাত ৩টা থেকে ৪টার মধ্যে দিল্লি, মাস্কাট ও কুয়েত থেকে আসা তিনটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে। তবে প্রায় ৬ ঘণ্টার বেশি সময় বিমানবন্দরে অপেক্ষায় থাকলেও যাত্রীদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করেনি বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফ্লাইট তিনটিতে ১১’শর বেশি যাত্রী ছিলেন। পরে সকাল ও দুপুরের দিকে ফ্লাইটগুলো ঢাকায় ফিরে যায়। খাবার সরবরাহ না করায় যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং বাংলাদেশ বিমানের অব্যবস্থাপনায় বিব্রতকর অবস্থায় পড়ে বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহির দাবি জানান।
বিষয়টি নিশ্চিত করে আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা অধৈর্য হয়ে পড়ে। তারা খাবার না পেয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং বিমানবন্দরের কিছু চেয়ার ভাঙচুর করেছে। পরে নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি সামাল দিয়েছে।