এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং উপজেলার দিঘীর পাড় এলাকায় মোঃ জামাল উদ্দিন নামক এক যুবককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত নামা সন্ত্রাসীরা।
১০ জানুয়ারি (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ওই ঘটনায় নাসির উদ্দিন ওরফে ছোট নাসির নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়দের ভাষ্যমতে, গুলিবিদ্ধ নাসির জামায়াতের রাজনীতির সাথে জড়িত।
তাকে গুলিবিদ্ধ অবস্থায় সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ টি মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত নামা সন্ত্রাসীরা আকস্মিক ভাবে জামাল ও নাসিরের ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফটিকছড়ি থানা থেকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে বলে ও জানা গেছে।
এ ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে শেষ মুহূর্তে পাওয়া খবরে জানা গেছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজ সংবাদ মাধ্যমকে বলেন, ‘গুলিতে একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছেন তারা জামায়াতের লোক। তবে, আমরা এখনো বিস্তারিত তথ্য পাইনি। হামলাকারীদেরও পরিচয় এখনো জানা যায়নি বলে জানান দেন তিনি।’