এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যাংক থেকে দেড় লাখ টাকা উত্তোলন করে বের হতেই ছিনতাইকারী তার সমুদয় টাকা ছিনিয়ে নিয়েছে। নিজের কষ্টার্জিত টাকা হারানোর শোকে বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন ষাটোর্ধ বৃদ্ধ মনসুর আহম্মেদ৷ ১১ জানুয়ারি (রবিবার) দুপুর বেলা মীরসরাই পৌর সদরের ইসলামী ব্যাংকের সামনে এহেন ঘটনা ঘটে৷ ছিনতাইয়ের শিকার বৃদ্ধ মনসুর আহাম্মদ (৬২) মীরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের লুদ্দাখালী গ্রামের সফর আলী মাল বাড়ির বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় অধিবাসীরা জানিয়েন, সম্প্রতি মীরসরাই উপজেলা জুড়ে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। আর তার- ই ধারাবাহিকতায় এমন ঘটনা ঘটেছে।
সূত্র মতে-গত ৬ মাসে অর্ধশতাধিক চুরি ডাকাতির মতো ঘটনা ঘটেছে এই মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে ৷ এতে উপজেলার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজমান রয়েছে৷
ছিনতাইয়ের শিকার হওয়া মনসুর আহাম্মেদ জানান, আমার জমানো দেড় লাখ টাকা উত্তোলন করে গায়ে পরিধানকৃত কোর্টের ভেতরের দুই পাশের পকেটে ৫০ হাজার ও ১ লক্ষ টাকা নিয়ে বের হয়ে ব্যাংকের মূল ফটকে পৌছালে দু’জন মাস্ক পরিহিত যুবক হঠাৎ আমার এক পকেটে হাত দিয়ে এক লক্ষ টাকা টান দিয়ে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়৷ আমি কিছু বুঝে উঠতে পারিনি কি হলো আমার সাথে৷
মনসুর আহাম্মেদের বড় ছেলে তায়েফ জানান, ক’দিন আগেই আমার বিয়ে সম্পন্ন হয়৷ আবার আমার বাবা প্রবাসী ছিলেন৷ নিজের জমানো টাকা পারিবারিক কাজে উত্তোলন করতে এসে ছিনতাই শিকার হয়ে বার বার ভেঙ্গে পড়ছেন৷ ব্যাংক তাদের গ্রাহকদের নূন্যতম: নিরাপত্তা দিতে ব্যর্থ বলে ও তিনি ক্ষোভ প্রকাশ করেন৷ ব্যাংকের সিকিউরিটি গার্ড বলছেন, গেটের বাইরে কি হচ্ছে সে সব আমাদের দেখার বিষয় না৷ সিসিটিভি ক্যামেরা নেই প্রধান ফটকে৷
ছিনতাইয়ের শিকার বৃদ্ধ মনসুর আহাম্মেদ
ক্ষোভের সহিত বলেন, ব্যাং কর্তৃপক্ষ আমাদের শান্তনা পর্যন্ত দিতে আসেনি৷ আমরা থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছি৷
এ বিষয়ে ইসলামি ব্যাংক পিএলসি মীরসরাই পৌর সদর শাখা কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে তারা এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন স্থানীয় সাংবাদিকদের সাথে৷
এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, টাকা ছিনতাইয়ের বিষয়ে জেনেছি৷ থানায় অভিযোগ দিতে পরামর্শ দিয়েছি৷ অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে৷