ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
মঙ্গলবার দেশটির আলাগোয়াস অঙ্গরাজ্যের গ্রামীণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রায় ৬০ জন যাত্রী বহনকারী বাসটি বাঁক ঘোরার সময় রাস্তা থেকে ছিটকে পড়ে উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী বাসের বাইরে ছিটকে পড়েন, আর অনেকে বিধ্বস্ত বাসের নিচে আটকা পড়েন।
আলাগোয়াস রাজ্য সরকারের এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে সাতজন নারী, পাঁচজন পুরুষ এবং চারজন শিশু রয়েছে। দুর্ঘটনাটি অত্যন্ত ভয়াবহ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
ব্রাজিলীয় গণমাধ্যম জানিয়েছে, বাসটি সিয়ারা অঙ্গরাজ্যে পালিত ‘আওয়ার লেডি অব ক্যান্ডেলারিয়া’ ধর্মীয় উৎসব থেকে ফিরছিল। প্রতি বছর ২ ফেব্রুয়ারি এই উৎসবে হাজারো ভক্ত অংশ নেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, একটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বাস এক পাশ হয়ে পড়ে আছে এবং আশপাশে আহত যাত্রীরা সাহায্যের অপেক্ষায় বসে আছেন। দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে গুরুতর আহত এক শিশুসহ বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আলাগোয়াসের গভর্নর পাওলো দান্তাস শোক প্রকাশ করে বলেন, এত বড় শোকের সময়ে আমি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সংহতি জানাচ্ছি। তিনি অঙ্গরাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।