মালয়েশিয়ার মাধ্যমে এশিয়া সফরের সূচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে আসিয়ান সম্মেলনে যোগ দেওয়ার পর তিনি জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন।
আর এই সফরের সবচেয়ে আলোচিত অংশ হতে চলেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক। দুই দেশের বাণিজ্যযুদ্ধের অবসান ঘটাতে ওই বৈঠকে নতুন চুক্তি নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
রোববার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
বার্তাসংস্থাটি বলছে, এশিয়া সফরের প্রথম ধাপে রোববার মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি জাপান ও দক্ষিণ কোরিয়া যাবেন এবং দেশটিতে সফরের শেষ দিনে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ট্রাম্পের।
ওয়াশিংটন ছাড়ার আগে বিমানে সাংবাদিকদের তিনি বলেন, তিনি আশাবাদী যে চীন নতুন চুক্তিতে রাজি হবে যেন আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ ঠেকানো যায়।
এবারের সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। ২০১৯ সালের পর এটিই হতে পারে দুই নেতার প্রথম সাক্ষাৎ।
অবশ্য মালয়েশিয়ায় রোববার ট্রাম্প আসিয়ান সম্মেলনে যোগ দিলেও নিজের প্রথম মেয়াদে তিনি এই ধরনের একাধিক সম্মেলনে তিনি অংশ নেননি। এই সফরে মালয়েশিয়ার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার পাশাপাশি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরের সাক্ষীও হবেন ট্রাম্প। কারণ ওই শান্তিচুক্তি তার মধ্যস্থতায় সম্পন্ন হয়েছে।
সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, “আমরা মালয়েশিয়ায় পৌঁছেই শান্তিচুক্তিতে সই করব”। এই চুক্তি গত কয়েক দশকের মধ্যে দুই দেশের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সীমান্তসংঘাতের অবসান ঘটাবে।
সম্মেলনের ফাঁকে ট্রাম্প ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গেও বৈঠক করবেন।