বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ঢাকার মাটিতে নামবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। আলোচনা সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মির্জা ফখরুল বলেন, ২০০২ সালে চীন সফরের একটি স্মৃতি তার এখনো মনে আছে। সে সময় খালেদা জিয়া চীনের প্রধানমন্ত্রীকে তারেক রহমানকে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন, ‘হি ইজ মাই সান’। তখন চীনের প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই হাত ধরে বলেছিলেন, ‘ক্যারি দ্য ফ্ল্যাগ অব ইউর ফাদার অ্যান্ড মাদার’। সেই জাতীয়তাবাদী পতাকা, স্বাধীনতার পতাকা ও গণতন্ত্রের পতাকা নিয়েই তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘সেদিন আমরা সবাই জেগে উঠবো। গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’