এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
জামায়াতে ইসলামী ভোটকেন্দ্র দখলের রাজনীতি করে না। তবে, ভোটকেন্দ্র দখলের চেষ্টা কারীদের প্রতিহত করতে জামায়াত নেতা-কর্মীরা প্রস্তুত।ভোটকেন্দ্র দখল করে মানুষের ভোটাধিকার হরণ করে বিজয়ী হওয়ার চিন্তা বাদ দিয়ে ভোটারদের ভোটের আশা নিয়ে কাজ করে যেতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কারী প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের মানসিকতা ঠিক রাখার আহবান জানিয়ে
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া বলেছেন, “আমরা ভোটকেন্দ্র দখল করে বিজয়ী হওয়ার মানসিকতা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি না, আমরা ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত আশা নিয়ে কাজ করছি। তিনি বলেন, ভোটকেন্দ্র দখল করার দিন শেষ। যে বা যারা ভোটকেন্দ্র দখল করতে চাইবে, তাদের পরিবার থেকে বিদায় নিয়েই বের হতে হবে।”
তিনি আরো বলেন, “মা-বোন, ছেলে-মেয়ে সবার কাছ থেকে শেষ সালাম নিয়ে তারপর ভোটকেন্দ্রে আসতে হবে। আমরা কাউকে আঘাত করতে চাই না। তবে, ভোটকেন্দ্র দখল ও ব্যালট বাক্সে হাত দেয়ার চেষ্টা করলে সেই হাত শরীর থেকে আলাদা করে ফেলা হবে।”
২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ মীরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান এর দাড়ি পাল্লার সমর্থনে নির্বাচনী প্রথম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ১০ দলীয় জোটের ব্যানারে আয়োজিত সমাবেশ মীরসরাই পৌর সদরের বালুর মাঠে অনুষ্ঠিত হয়।
সমাবেশে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ‘দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে আমরা আমাদের প্রিয় দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেয়েছি। আপনারা জানেন, দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এ’টি এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি, যা বরাবরই জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আজ এ দেশের মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিতে অধির আগ্রহে অপেক্ষা করছে।
তিনি বলেন, আমরা বিজয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। এখন শুধু সময়ের অপেক্ষা।’
বাংলাদেশ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যক্ষ নুরের নবীর সভাপতিত্বে ও জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদীর উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের এসিসট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইউসুফ বিন আবু বকর, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক বোরহান উদ্দিন, মীরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির, এনসিপি নেতা অধ্যাপক আশরাফুল ইসলাম, খেলাফত মজলিস নেতা মফিজুল ইসলাম সিদ্দিকী, মীরসরাই উপজেলা শিবিরের সভাপতি সাকিব হোসাইন প্রমুখ।