সকাল সাড়ে সাতটা। ঘড়ির কাঁটা স্পর্শ করতেই শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। তবে ভোট শুরুর আগে থেকেই রাজধানীর কেন্দ্রগুলোতে বাড়তে থাকে মানুষের ভিড়। শীতের সকাল উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের অধিকার প্রয়োগের অপেক্ষায় আছেন ভোটাররা। তাদের উপস্থিতিতে ভোটকেন্দ্রগুলোতে সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-৬ আসনের অন্তর্ভুক্ত সেন্ট্রাল উইমেন্স কলেজ ও কামরুননেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির এমন চিত্র দেখা গেছে। ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।দীর্ঘ সময় পর ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করছেন তারা। অনেক ভোটার জানিয়েছেন, এই ভোটদান তাদের কাছে ঈদের আনন্দের মতো অনুভূত হচ্ছে।