সারা দেশের অভিযানে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। মোট উদ্ধার তেলের পরিমাণ ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার। এর মধ্যে ডিজেল ২ লাখ ৭ হাজার ৩৬৫ লিটার, অকটেন ২৮ হাজার ৯৩৮ লিটার এবং পেট্রল ৬০ হাজার ২ লিটার।
মঙ্গলবার জ্বালানি বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই অভিযান পরিচালনার জন্য মোট ৩৫৫৯টি অভিযান পরিচালিত হয়। এসব অভিযানের মাধ্যমে ১২৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মোট ৮৪ লাখ ৫১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ১৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
উদ্ধার অভিযান ও আইনগত পদক্ষেপের মাধ্যমে অবৈধ জ্বালানি মজুদ প্রতিরোধে প্রশাসনের কঠোর অবস্থান প্রতিফলিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।