দেশের বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশের টেকসই উন্নয়নে প্রথমবারের মতো গঠিত ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শনিবার বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো গঠিত এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে ব্যবসায়ী প্রতিনিধিদের সরকারি উচ্চপর্যায়ে সরাসরি মতামত প্রদানের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এর ফলে বিনিয়োগের পরিবেশ, প্রয়োজনীয় সংস্কার ও ভবিষ্যৎ অগ্রাধিকার নিয়ে ব্যবসায়ীরা কাঠামোবদ্ধ প্রস্তাব তুলে ধরতে পারবেন।
প্রধানমন্ত্রীর মনোনীত এই পরিষদের সদস্যরা হলেন- এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, ইনসেপ্টা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার, র্যাংগস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী এবং প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।