কামাল উদ্দিন জয়
কক্সবাজার প্রতিনিধ
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় বিজিবির বিশেষ মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন আনুমানিক ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ২১ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৫টা ৪০ মিনিটে হ্নীলা বিওপি’র একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাফ নদী এলাকা দিয়ে সিমেন্টের বস্তা হাতে করে এক সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। টহল দল তাকে চ্যালেঞ্জ করলে সে বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতরে খাকী রঙের প্যাকেটে মোড়ানো অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।
বিজিবি জানায়, পালিয়ে যাওয়া চোরাকারবারীকে শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা ও মাদকদমন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।