সংবাদ বিজ্ঞপ্তি :
ঢাকা, বুধবার, (২২ এপ্রিল ২০২৬) সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১ থেকে ৭ মে পর্যন্ত দেশব্যাপী ‘১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬’ পালন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ। এ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।
রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (২২ এপ্রিল) দিনব্যাপী আলোচনা সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন।
সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সহ-সম্পাদক সবুজ হোসেন রাজা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি ও আব্দুল বাতেন বাচ্চু, সহ-সাংগঠনিক সম্পাদক (অর্থ) শাকিব জামাল, দফতর সম্পাদক মো. জাকির হোসেন এবং অর্থ সম্পাদক সোহেল পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—১ মে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ,২ মে সাংবাদিকদের অংশগ্রহণে প্রীতি ফুটবল প্রতিযোগিতা,
৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা,৪ মে ‘মিট দ্য প্রেস’ আয়োজনের মাধ্যমে পেশাগত সমস্যাগুলো চিহ্নিতকরণ,৫ মে সরকারি-বেসরকারি পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি ও সোর্সদের সঙ্গে সম্পর্ক জোরদার, ৬ মে ঢাকায় সমাবেশ উপলক্ষে যাত্রা,
এবং ৭ মে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি ও সাংবাদিক সমাবেশ।
সংগঠনের পক্ষ থেকে দেশের সকল সাংবাদিককে নিজ নিজ সংগঠনের ব্যানারে এসব কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এদিকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও নির্যাতন প্রতিরোধে কার্যকর, নিরপেক্ষ ও শক্তিশালী কাঠামো গড়ে তুলতে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ’-এ বহুমাত্রিক পেশাজীবীদের অন্তর্ভুক্তির একটি প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, কমিটিতে প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও রেডিও সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, মানবাধিকার কর্মী, শিক্ষক, গবেষক, ধর্মীয় নেতা, সমাজকর্মী, অবসরপ্রাপ্ত প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, চিকিৎসক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, নারী ও ছাত্র প্রতিনিধি এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।
সভায় সংগঠন ও সাংবাদিকদের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।