মো. মানিক হোসেন :
রাজশাহীতে ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৭৭৪ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরের বোয়ালিয়া থানায় এই মামলা করেন উষামা বিন ইকবাল (২৩) নামে এক শিক্ষার্থী। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের দিন নগরের আলুপট্টিতে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। যুবলীগকর্মী জহিরুল হক রুবেলের পিস্তল থেকে ছোঁড়া গুলিতে তিনি আহত হন বলে অভিযোগ করেন।
মামলায় মোট ১৭৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৬০০ জনকে আসামি করা হয়েছে। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, নগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, সাবেক প্যানেল মেয়র নিযামুল আযিমসহ অনেকে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি নিজেই মামলার তদন্তভার নিয়েছেন এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।