যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়া একটি যৌথ ‘শান্তিচুক্তি’ স্বাক্ষর করেছে। মালয়েশিয়ায় এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের মধ্যেকার সাম্প্রতিক উত্তেজনার আনুষ্ঠানিক অবসান ঘটল।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিক নথিতে স্বাক্ষর করেন জোটভুক্ত দেশগুলোর নেতারা। এ সম্মেলন শুরু হয়েছে একই দিনে এবং চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।
আসিয়ান সম্মেলনে যোগ দিতে ডোনাল্ড ট্রাম্প রোববার মালয়েশিয়ায় অবতরণ করেন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ঐতিহ্যবাহী নৃত্যশিল্পীদের একটি দল অভ্যর্থনা জানায়। রেড কার্পেটে নৃত্যশিল্পীদের সঙ্গে নাচে অংশ নেওয়ার পর ট্রাম্প এক হাতে যুক্তরাষ্ট্রের পতাকা ও অন্য হাতে মালয়েশিয়ার পতাকা নিয়ে লিমুজিনে চড়ে শহরের দিকে রওনা দেন।
চুক্তির আগে ট্রাম্প বলেন, জুলাইয়ে থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ‘তাদের চারজনের মধ্যে অনেক ফোনালাপ হয়েছে, এবং তার প্রশাসন ‘সংঘাত থামাতে সক্ষম হয়েছে’।