আড্ডায় হোক বা অফিসে, এক কাপ গরম চা পেলে চা-প্রেমীরা দ্বিতীয়বার আর ভাবেন না। সারা দিনে ঠিক কত কাপ চা খাওয়া হয়, তা আমরা কেউই হয়তো গুণে দেখি না। কিন্তু সেই চা-ই যদি শরীরের জন্য বিষ হয়ে দাঁড়ায়, তবে কী করবেন?
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট ঘিরে চা-প্রেমীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দাবি করা হচ্ছে, চা তৈরির ১৫-২০ মিনিটের মধ্যে না খেলে তা ব্যাকটেরিয়ার আঁতুড়ঘরে পরিণত হয়।
এমনকি জাপানে একে সাপের বিষের সঙ্গেও তুলনা করা হয়েছে।
দুধ-চা কেন বিপজ্জনক
দুধ খুব দ্রুত পচনশীল। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখলে এতে ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে। দুই ঘণ্টার বেশি পড়ে থাকা দুধ-চা খাওয়া একেবারেই উচিত নয়।
বারবার গরম করলে এতে ‘এজিইএস’ নামক প্রদাহজনক যৌগ তৈরি হয়। এর ফলে লিভারের ক্ষতি, এসিডিটি, অনিদ্রা ও আয়রন শোষণে বাধা তৈরি হয়।
আদা চা কি নিরাপদ?
দুধ ছাড়া আদা চা তুলনামূলক বেশি নিরাপদ। ফ্রিজে রাখলে এটি ৩-৫ দিন পর্যন্ত ভালো থাকে।
তবে খাওয়ার আগে প্রতিবার ফুটিয়ে নিতে হবে। মনে রাখবেন, দিনে ৪-৫ গ্রামের বেশি আদা খেলে বুকজ্বালা হতে পারে।
আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, বাসি চা শরীরে টক্সিন তৈরি করে, যা হজম শক্তি কমিয়ে দেয়। পিত্ত দোষ বাড়িয়ে প্রদাহ সৃষ্টি করে।