এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের সাতকানিয়ায় এক গৃহবধূকে জোরপূর্বক স্বামী ও শাশুড়ি মিলে বিষপান জোরপূর্বক করিয়ে মৃত্যু ঘটানোর গুরুতর: অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা গ্রামের বাহাদির পাড়ায় ।
নিহত ওই মহিলার নাম আমেনা বেগম (২৩)। তিনি উপজেলার সদর ইউনিয়নের বারদোনা গ্রামের বাহাদির পাড়ার মোহাম্মদ ইউসুফের স্ত্রী।
নিহতা আমেনা বেগমের ভাগ্নে মোহাম্মদ তৌসিফ জানান, ২০২২ সালে পারিবারিক ভাবে নিহতা আমেনা বেগমের সাথে মোহাম্মদ ইউসুফের বিয়ে হয়। বিয়ের পর হতে বিভিন্ন বিষয় নিয়ে তাদের পরিবারে অশান্তি লেগেই ছিলো। তুচ্ছ ঘটনায় আমেনার স্বামী ও শাশুড়ি শারীরিক ও মানসিক নির্যাতন ও করতো।
আর তার-ই ধারাবাহিকতায় গত ১৬ জানুয়ারি (শুক্রবার ) আমেনাকে তার স্বামী ও শাশুড়ি দিনভর শারীরিক নির্যাতন করে। এবং পরে জোর করে তার মুখে বিষ ঢেলে দেয়। যাতে আমেনা মরে যায়। মুখে বিষ ঢেলে দেয়ার পর তা পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে তার অবস্থা খারাপের দিকে যেতে থাকলে বিষপান করিয়ে দেয়া স্বামী ও শাশুড়ি দু’জন-ই বাড়ি থেকে সটকে পড়ে।
এর পর আমেনার মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকলে তা আশপাশের নারী পুরুষের কানে গিয়ে পৌঁছায়। এতে দ্রুত তারা ঘটনাস্থলএ ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু, সেখানে সম্ভব না হওয়ার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানেই শনিবার (১৭ জানুয়ারি) ১১ টার দিকে চিকিৎসারত: অবস্থায় বিষক্রিয়ার কাছে হেরে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে আমেনা বেগম।
শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমেনা বেগম হাসপাতাল বেডে শুয়ে শুয়ে বলে গেছেন, তার স্বামী ও শাশুড়ি জোর করে তাকে বিষপান করিয়েছে।
নিহতা আমেনা বেগমের বাপের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মীর পাড়ায়। তার ২ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন জানান, বিগত দিনে তাদের পারিবারিক কলহ নিয়ে তার উপস্থিতিতে শালিসি বৈঠক ও হয়েছিল। বৈঠকে ছেলে পক্ষের আচরণ একেবারেই গ্রহণযোগ্য ছিলো না। বিষয়টি জানার পর নিজেই খুবই মর্মাহত বলে জানিয়েছেন তিনি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।